ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বা সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করেন।
গত ২৬ অক্টোবর তারিখে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জালাল উদ্দিন, এসআই আল আমিন, এসআই রূপম কুমার নাথ এবং এএসআই মো. নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অপরাধ দমন ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালান। অভিযানকালে মাদক সেবনের অপরাধে হাতেনাতে ৬ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাজহারুল ইসলাম (১৯) ও ২. মো. সাকিল (১৮), উভয়ের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা এলাকায়। মো. মেহেদী হাসান (২২), সাং-শিদলাই, ব্রাহ্মণপাড়া মো. জিহাদ (২৪) ও ৫. আজিম খান (২৩), উভয়ের বাড়ি পাশের বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এলাকায় সামির আহম্মেদ (২২), সাং-মাধবপুর, ব্রাহ্মণপাড়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
