প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছেন এমপি মনিরুল হক চৌধুরী সমর্থিত উপজেলা যুবদলের নেতাকর্মীরা। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার হরিশ্চর চৌরাস্তায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে প্রায় আড়াই হাজার নেতাকর্মী অংশ নেন।
উপজেলা যুবদলের নেতাদের মধ্যে মাকসুদুর রহমান মাসুদ, ওসমান গনি মুন্না, বাহার মজুমদার, বেলায়েত হোসেন সোহেল, হাজী মহিন পেরুল, হাবিবুর রহমান হাফেজ, আবদুল কাদের, সাইফুল ইসলাম মোল্লা, মোশারফ হোসেন ও আরিফুর রহমানের নেতৃত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়।
র্যালিটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হরিশ্চর চৌরাস্তা থেকে বের হয়ে বিভিন্নগুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একই এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, সহসভাপতি আমান উল্যাহ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সুমন চেয়ারম্যান, ভূলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও ইদ্রিস মিয়া।
সমাবেশে বক্তারা বলেন, “আজকের যুবদলই লালমাই উপজেলার সবচেয়ে শক্তিশালী যুবদল। যারা ফ্যাসিস্টের দোসরদের দলে এনে সংগঠনকে কলুষিত করছেন, তাঁদের প্রতিটি ওয়ার্ডে প্রতিরোধ করা হবে।”
বক্তারা আরও বলেন, যুবদল কারও পৈতৃক সম্পদ নয়। এই যুবদল তারেক রহমান ও লালমাই উপজেলা বিএনপির সঙ্গে রয়েছে। তাঁরা অভিযোগ করেন, তাঁদের কোনো কর্মসূচি আয়োজন করা হলে একটি পক্ষের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়।
কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়ে বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে কেউ কর্মসূচিতে বাধা দিলে এবং ভয়ভীতি প্রদর্শন করলে তা প্রতিরোধ করা হবে। এ সময় বক্তব্যে তাঁরা হাত কেটে দেওয়া ও চোখ তুলে নেওয়ার মতো হুমকিমূলক কথাও বলেন।
বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলের মধ্যে শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তাঁরা।
