বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
দাউদকান্দির গৌরীপুর বাজারে মোবাইল কোর্টের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে অর্থদন্ড
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৮.১০.২০২৬ ২:০৭ এএম |

দাউদকান্দির গৌরীপুর বাজারে মোবাইল কোর্টের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে অর্থদন্ডআলমগীর হোসেন ।।
দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাস্তা দখল করে ব্যবসার সামগ্রী রাখা, প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং নকল পণ্য বিক্রির দায়ে এসব জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমদাদুল হক, ভূমি সহকারী কর্মকর্তা মো. মহিউদ্দিন আহমেদ, গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ সদস্য এবং গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন পাঠান উপস্থিত ছিলেন।
অভিযানের শুরুতে গৌরীপুর পশু হাসপাতালের গলিতে অবস্থিত ভেটেরিনারি ফার্মেসিগুলোর লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য সামগ্রী যাচাই করা হয়। এ সময় লাইসেন্স না থাকায় মেসার্স মাস্টার পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিডকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দ্রুত লাইসেন্স করার নির্দেশনা দেওয়া হয়।
পরে মানুষের চলাচলের রাস্তা দখল করে দোকানের সামগ্রী রাখার দায়ে গৌরীপুর আফগানী ডাইন রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে সতর্ক করা হলেও প্রতিষ্ঠানটি রাস্তা দখলমুক্ত না করায় এ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় আশপাশের ব্যবসায়ীদেরও রাস্তা দখল করে দোকানপাট না বসানোর বিষয়ে সতর্ক করা হয়।
এ ছাড়া হাই স্কুল রোডে রাস্তা দখল করে ব্যবসার মালামাল রাখার দায়ে প্রশান্ত ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। মোহন মার্কেটের মালেক স্টোর ও মেসার্স মদিনা ট্রেডার্সকে নকল পণ্য বিক্রির দায়ে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে মুদি পট্টির বিভিন্ন দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে সঠিক মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে রাস্তা দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন। নির্দেশনা অমান্য করলে পরবর্তী সময়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি জানান।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২