মোঃ হুমায়ুন কবির মানিক।।
কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আকতার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মনোহরগঞ্জ উপজেলা ভূমি অফিস ও সদর ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন। পরে মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ ছাড়া মনোহরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, সহকারী কমিশনার রাফিদ খান, মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মতিন, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
