বর্তমানে দেশে সারের সংকট নেই বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
সোমবার কমিটির সভাপতি সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন জাতীয় সংসদ ভবনে বৈঠকে বলেন, “চাহিদার তুলনায় সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কারখানাগুলো পূর্ণোদ্যমে উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারলে ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত সার রপ্তানির সুযোগও সৃষ্টি হতে পারে।”
সংসদ সচিবালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের ফলে সারে কৃত্রিম সংকট নিরসন করা সম্ভব হয়েছে বলে বৈঠকে বলেছেন সভাপতি।
সারের অবৈধ মজুত, বিপণন ও অনিয়ম সরেজমিনে পরিদর্শন করে এ সংক্রান্ত সমস্যা চিহ্নিত করা ও নিরসনে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের প্রস্তাব ওঠে বৈঠকে।
এর জন্য কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে মো. রোকন উদ্দীন বাবুল ও মোছা. সাবিরা সুলতানাকে সদস্য করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে যেসব এলাকায় অনিয়ম ও অসংগতির অভিযোগ তোলা হয়েছে, সেসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করেছে। যেসব ক্ষেত্রে এখনও ডিলারশিপের চুক্তি হয়নি, সেসব ক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি সম্পাদন স্থগিত রাখতে বলা হয়েছে।
“আর যেসব ক্ষেত্রে ইতোমধ্যে চুক্তি হয়েছে, সেসব ক্ষেত্রে অভিযোগ যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।”
বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলার ডিলারশিপ নিয়োগসংক্রান্ত অভিযোগ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থার সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. রোকন উদ্দীন বাবুল, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোছা. সাবিরা সুলতানা, মো. গোলাম রছুল উপস্থিত ছিলেন।
