চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘পাঠে মন, উন্নত জীবন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির নিয়মিত অংশ হিসেবে চার শতাধিক বই ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বই বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান পাটোয়ারী প্রমুখ। বই পেয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা।
আয়েশা আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, বিদ্যালয়ের নির্ধারিত বইয়ের বাইরে ইউএনও শাহাদাৎ হোসেন স্যারের হাত থেকে গবেষণাধর্মী একটি বই উপহার পেয়েছি। এতে আমার মতো অন্যান্য শিক্ষার্থীরাও খুশি। স্যারের ব্যতিক্রমী এ উদ্যোগে শিক্ষার্থীদের মন জয় করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, বিভিন্ন আসক্তি থেকে দূরে রাখতে শিক্ষার্থীদের পাঠাভ্যাস উন্নয়নে বই বিতরণ করা হয়েছে। এই বইগুলো তারা পড়ে আবার সহপাঠীদের সাথে শেয়ার করবে। এতে করে শিক্ষা, সংস্কৃতি আর খেলাধুলায় এগিয়ে যাবে চৌদ্দগ্রাম।
উল্লেখ্য, গত পাঁচ মাসে ইউএনও শাহাদাৎ হোসেন উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন ও উপস্থিতির হার বৃদ্ধিতে ভিন্নরকম পদক্ষেপ নিয়েছিলেন। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, ক্রীড়া সামগ্রী ও যুবকদের মাঝে ফুটবল, বলিবল বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ সংস্কার করা হয়েছে।
