বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি ।।
কুমিল্লার বরুড়ায় এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক বরুড়া উপজেলা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আদর্শ সদর উপজেলা দল। নির্ধারিত সময়ে দুই দলের লড়াই ২-২ গোলে ড্র হলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।
বরুড়ার তলাগ্রাম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ সেমিফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। নির্ধারিত সময়ের খেলায় দুই দলই দুটি করে গোল করায় ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে কোনো দলই ব্যবধান গড়তে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ৩-২ গোলে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেয় আদর্শ সদর উপজেলা দল। অন্যদিকে লড়াই করেও ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হয়নি বরুড়া উপজেলা দলের।
এ জয়ের ফলে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে চান্দিনা উপজেলা দলের মুখোমুখি হবে আদর্শ সদর উপজেলা দল। দুই দলের ফাইনাল লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
খেলায় কুমিল্লা সদর উপজেলা দলের পক্ষে অফিসিয়ালে দায়িত্বে নেতৃত্ব দেন মাহবুল আলম চপল, মোজাহিদ চৌধুরী, রায়হান, ইউসুফ ও শাহআলমসহ অন্যরা।
