কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম পর্যালোচনা ও উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভাগের বিভাগীয় প্রধানের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। হায়ার এডুকেশন অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ‘রিভিউয়িং অ্যান্ড এনহ্যান্সিং দ্য ওবিই কারিকুলাম’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। এ ছাড়া উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, একই বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমীন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।
কর্মশালার প্রথম সেশনে রিসোর্স পারসন হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ওবিই কারিকুলামের পরিচিতি এবং অ্যাক্রেডিটেশনের ক্ষেত্রে এর গুরুত্ব তুলে ধরেন। দ্বিতীয় সেশনে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।
প্রশিক্ষণে কোর্স ডিরেক্টরের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম এবং কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন অধ্যাপক ড. মো. রুহুল আমীন। এতে লোকপ্রশাসন বিভাগের শিক্ষকেরা অংশগ্রহণ করেন।
