বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
 টটেনহ্যামের জয়, ‘খুবই খুশি’ কোচ
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২১.১০.২০২৬ ১২:৪৪ এএম |

 টটেনহ্যামের জয়, ‘খুবই খুশি’ কোচ


যে দল একসময় থাকত শিরোপার লড়াইয়ে, চ্যাম্পিয়ন্স লিগে যাদের উপস্থিতি ছিল নিয়মিত, সেই দল এবার হাপিত্যেশ করছিল একটি জয়ের জন্য। অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই জয়টির দেখা পেল টটেনহ্যাম হটস্পার। ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের স্বাদ পেল তারা দীর্ঘ ১৪৮ দিন পর।
ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার কভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারায় টটেনহ্যাম। ইংলিশ ফুটবল লিগের চারটি শীর্ষ বিভাগের ৯২ দলের মধ্যে চলতি মৌসুমে শেষ দল হিসেবে জয় পেল তারা।
কভেন্ট্রির মাঠে ম্যাচের চতুর্দশ মিনিটে টটেনহ্যামকে এগিয়ে দেন এমন একজন, যারও দীর্ঘ এক প্রতীক্ষার অবসান হয়েছে এ দিন। ২০২৫ সালের মে মাসের পর প্রথমবার প্রথম একাদশে জায়গা পেয়েই গোল করেন জেমস ম্যাডিসন।
অপেক্ষা অবসানের পালা ছিল এই ম্যাচে আরও। ৫৮তম মিনিটে ২৫ গজ দূর থেকে জোরাল শটে গোল করেন ওমার মার্মুশ। ম্যানচেস্টার সিটি থেকে টটেনহ্যামে পাড়ি জমানোর পর তার প্রথম গোল এটি।
গ্যালারি থেকে সবচেয়ে বেশি উল্লাসের ধ্বনি ভেসে আসে ডেইয়ান কুলুসেভস্কি বেঞ্চ থেকে মাঠে নামার সময়। দীর্ঘ সময়ের চোট থেকে সেরে উঠে ৫২৬ দিন পর তিনি প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন।
ম্যাচের একদম শেষ সময়ে গোল করেন বেন ডেভিস।
প্রিমিয়ার লিগে টটেনহ্যামের সবশেষ জয়টি ছিল গত ২৪ মে এভারটনের বিপক্ষে।
এবারের মৌসুমে আগের ছয় ম্যাচ মিলিয়ে স্রেফ তিনটি গোল করতে পেরেছিল তারা। এবার এক ম্যাচেই করল তিনটি।
এই জয়ে সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তলানি থেকে ১৬তম স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। জয়টা কতটা কাঙ্ক্ষিত ছিল, ফুটে উঠল কোচ রবের্তো দে জার্বির কণ্ঠে।
“এই ফলাফলে আমরা খুবই খুশি। অন্য ম্যাচগুলোর চেয়ে এ দিন অনেক ভালো খেলেছি আমরা। এই জয়টি খুব জরুরি ছিল।”
ম্যানেজার দে জার্বির তত্ত্বাবধানে গোটা দল গোছানোর অংশ হিসেবে গত ট্রান্সফার উইন্ডোতে প্রায় ৩১ কোটি পাউন্ড খরচের পর গত মৌসুমে অল্পের জন্য অবনমনের হাত থেকে রক্ষা পায় তারা। এবার মৌসুমের হতাশাজনক শুরুর পর অবশেষে পারফরম্যান্সে উন্নতির লক্ষণ দেখা গেল।
ডিফেন্ডার ইয়ান পল ফন হেকের আশা, এই জয়ের পথ ধরে নতুন উদ্যমে এগিয়ে যাবেন তারা।
“আমরা জানতাম আমরা জিততে চাই এবং আজই ছিল সেই দিন। আশা করি, এখান থেকে আরও এগিয়ে যেতে পারব আমরা। আমাদের ধৈর্য ধরতে হতো। কভেন্ট্রির নিচু ব্লকের কারণে খেলাটি আমাদের জন্য সহজ ছিল না।”















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২