
আঞ্চলিক ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। হিমালয় অঞ্চলের দেশগুলোকে নিয়ে ‘হিমালয় কাপ’ নামে নতুন একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
প্রস্তাবটি বাস্তবায়িত হলে এই প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারে।
সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভুটান সফর এবং অঞ্চলটির ফুটবল উন্নয়ন নিয়ে আলোচনার পর নতুন এই প্রতিযোগিতার ধারণাটি সামনে এসেছে। এর লক্ষ্য হতে পারে হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো এবং খেলাটির উন্নয়নে নতুন সুযোগ তৈরি করা।
প্রস্তাবিত এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ ও মিয়ানমার জাতীয় দল নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পেতে পারে।
এতে খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়ার পাশাপাশি আঞ্চলিক ফুটবলের মান উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
আঞ্চলিক ফুটবলকে এগিয়ে নিতে ফিফা সাম্প্রতিক বছরগুলোতে আরব কাপ, আসিয়ান কাপের মতো টুর্নামেন্ট চালু করেছে।
