সৈয়দ মুজিবুর রহমান দুলাল।।
কুমিল্লার লাকসামে আলোচিত ধর্ষণ, গর্ভপাত ও অপহরণ মামলার প্রধান আসামী সুফিয়ান মজুমদার শামিম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শামীম লাকসাম পৌরশহরের পশ্চিমগাঁও এলাকার শাহাজাহান মজুমদারের ছেলে।
সোমবার গ্রেপ্তারকৃত ওই যুবককে আইনী প্রক্রিয়া শেষে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানা পুলিশের একটি দল আগেরদিন রোববার (১৮ অক্টোবর) রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী ওই যুবককে গ্রেপ্তার এবং আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
লাকসাম থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি ববছরের ২৬ ফেব্রুয়ারি ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে সুফিয়ান মজুমদার শামীম। অপহরণের পর ওই কিশোরীকে আসামী শামীম জোরপূর্বক ধর্ষণ, শারীরিক নির্যাতন, অবৈধ গর্ভপাত এবং মাদক সেবনে বাধ্য করেন। এই ঘটনায় ভিকটিমের মা ফারহানা মাহমুদা ঝর্ণা শামীমকে প্রধান আসামী করে একাধিক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে ১০ এপ্রিল ভিকটিমকে প্রথমবার উদ্ধার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল পুনঃরায় তাকে অপহরণ করে আসামী শামীম। পরবর্তীতে ২৩ জুন দ্বিতীয়বার ভিকটিমকে উদ্ধার করা হয় এবং পরদিন ২৪ জুন ভিকটিমের মা ফারহানা মাহমুদা ঝর্ণা আসামী সুফিয়ান মজুমদার শামীম, তাঁর বাবা শাহজাহান মজুমদার (৫৫) এবং উপজেলার গোবিন্দপুরের ওবায়দুল হকের ছেলে আল আমিনসহ (২১) একাধিক ব্যক্তির বিরুদ্ধে লাকসাম থানায় একটি মামলা (জিআর-২১) দায়ের করেন। ওই মামলায় আসামী আল আমিনকে গত ২ জুলাই ভোরে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারে আদালতে পাঠানো হয়।
মামলার বাদী ফারহানা মাহমুদা ঝর্ণা জানান, তিনি মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশা করছেন এবং প্রতিক্ষায় রয়েছেন।
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামী সুফিয়ান মজুমদার শামীমকে ঢাকার কেরানীগঞ্জ থেকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে আইনী প্রক্রিয়া শেষে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। ওই মামলার অপর আসামী আল আমিনকেও গত ২ জুলাই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল।
