মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
চৌদ্দগ্রামে শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ডাঃ তাহেরের উপহার
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম |

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে শারদীয় দুর্গোৎসবে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও বিরোধীদলীয় উপনেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপির পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে কাশিনগর ইউনিয়নের নিলক্ষী-বিষ্ণুপুর পূজামণ্ডপের প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব উপহার বিতরণ করা হয়। বিষ্ণুপুর পূজামণ্ডপের সভাপতি নিখিল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী শাহ মোহাম্মদ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মহসিন কবির, নিলক্ষী-বিষ্ণুপুর পূজামণ্ডপের সেক্রেটারি কনক কিশোর দাশ, ক্লাসিক মোটরস কুমিল্লার স্বত্বাধিকারী মোহাম্মদ জামাল উদ্দিন, জামায়াত নেতা শফিকুর রহমান শফিউল্লাহ, জামাল উদ্দিন, আবুল কাশেম সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা শাহ মিজানুর রহমান বলেন, সকল ধর্মের মানুষের সৃষ্টিকর্তা একজনই। আমরা সবাই সৃষ্টিকর্তাকে প্রভু হিসেবে মানি। কোনো ধর্ম মানুষকে খারাপ পথে পরিচালিত করে না কিংবা অসৎ পথ ও অন্যায় কাজ করতে শেখায় না। সকল ধর্মই মানুষকে সৎ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে। প্রতিটি ধর্ম মানুষকে মানবিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করে।
তিনি আরও বলেন, ডাঃ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। সে সময় হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনেরা শান্তিপূর্ণভাবে বসবাস করেছেন। তখন চৌদ্দগ্রামের একটি মন্দিরের জন্য সরকারের পক্ষ থেকে বড় অঙ্কের বরাদ্দ এনে দিয়েছিলেন তিনি। আগামীতেও জামায়াত আপনাদের পাশে থাকবে। আজ ডাঃ তাহের ভাই আপনাদের জন্য উপহার পাঠিয়েছেন।
শাহ মিজানুর রহমান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশকে একটি কল্যাণময় রাষ্ট্রে পরিণত করতে চায়। সে লক্ষ্যে দলটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন পালন করতে পারবেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২