ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবারও পরম ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে উৎসবমুখর পরিবেশে মণ্ডপে মণ্ডপে দেবীকে দর্শন ও প্রার্থনায় ব্যস্ত পূজারিরা।
সরজমিনে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা যায়, সার্বজনীন উৎসবে রূপ নেওয়া এই দুর্গাপূজাকে কেন্দ্র করে চারদিকে বইছে আনন্দের হাওয়া। আলপনা ও আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে প্রতিটি মণ্ডপ। এবার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ২৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই যেন ভক্তরা পূজা উপভোগ করতে পারেন, সে জন্য উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপেই রয়েছে পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক প্রহরা।
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কাজল সরকার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের অর্পিত দায়িত্ব অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালন করছে। পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং আমাদের সহায়তা করছেন।"
সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, "ব্রাহ্মণপাড়ার ২৩টি পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে। প্রতিটি মণ্ডপে আমরা নিয়মিত টহল দিচ্ছি এবং সুনির্দিষ্ট দায়িত্ব পালন করছি, যাতে সবাই নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন।"
