স্টাফ রিপোর্টার।। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার আদর্শ সদর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং উপহারসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক। উপজেলার ২৯টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে এসব শুভেচ্ছা উপহার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে কুমিল্লা শহরতলীর সাতোরা আনোয়ার হাউজিং এলাকায় হাজী আনোয়ারুল হকের নিজ বাড়ির আঙিনায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আদর্শ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী নাগরিক, বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী আনোয়ারুল হক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের অধিকার রয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে আনন্দময় ও নির্বিঘ্ন করতে তাঁদের পাশে দাঁড়ানো এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সমাজে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত পূজামণ্ডপের প্রতিনিধিরা এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শ্যামল কৃষ্ণ সাহা, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজুল হক, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খলিলুর রহমান বিপ্লব, সদর উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জান শামীম প্রমুখ।
