আফগানিস্তানের বিপক্ষে টেস্টে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত ড্র তে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। জয় হাতছাড়া করার পর এ নিয়েও সমালোচনাও হচ্ছে। তবে বিসিবি পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু মনে করেন, টেস্ট ক্রিকেটে এমনটা হতেই পারে।
গণমাধ্যমকে নান্নু বলছিলেন, 'টেস্ট ক্রিকেট সবসময় আপনি জিতবেন না। কিছু কিছু জায়গায় হার্ডওয়ার্ক করতে হয়, টেস্ট চ্যাম্পিয়নশিপের আরও কিছু খেলা আছে। সামনে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ আছে। এই অভিজ্ঞতাগুলো কাজে লাগালে ইনশাল্লাহ এই সিরিজটা ভালো করবো।'
টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে নান্নু বলছিলেন, 'শুধুমাত্র 'ফাইনাল খেলতে হবে'-এমনটা চিন্তা করে
এগোলে হবে না। আমাদের ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে। যেহেতু নিজেদের মাটিতে খেলা, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। খেলোয়াড়দের পারফরম্যান্সের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। এই ইতিবাচক ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ভালো একটি সিরিজ খেলব বলে আশা করছি।'
আবুধাবি টেস্টে ড্র করার জন্য আফগানিস্তানকে কৃতিত্ব দিয়ে নান্নু বলছিলেন, 'আফগানিস্তানকেও কৃতিত্ব দেওয়া উচিত কারণ তারা কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেছে এবং ওদের টেইল যথেষ্ট দায়িত্বশীল ব্যাটিং করেছে। আমাদের বোলাররা অনেক হার্ডওয়ার্ক করেছে কিছু কিছু জায়গায় সুযোগ এসেছিল এই সুযোগগুলি আমাদের হাতছাড়া হয়ে গেছে।'
