কুমিল্লায় মাদক, ইভটিজিং ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) কুমিল্লা আদর্শ সদর উপজেলার গণবিদ্যাপীঠ কারিগরি কলেজে আবদুস সামাদ ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাইন বিল্লাহ ফেরদৌসের। বিশেষ অতিথি ছিলেন চিওড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও গণবিদ্যাপীঠ কারিগরি কলেজের সভাপতি মো. বিল্লাল হোসেন এবং আবদুস সামাদ ফাউন্ডেশনের সভাপতি মো. মহিউদ্দিন লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক ভূঁইয়া। আবদুস সামাদ ফাউন্ডেশন প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করে। পাশাপাশি মাদক, ইভটিজিং ও কিশোরগ্যাংয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।