
কুমিল্লার দেবিদ্বারে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে ব্যাপক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সড়ক দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বিকেল ৩টা থেকে দেবিদ্বার নিউমার্কেট এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন রাস্তা ও ফুটপাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দেবিদ্বার উপজেলা সদরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে একশ্রেণীর লোক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে সাধারণ মানুষের হাঁটাচলা ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল। রোববার নিউমার্কেট এলাকার পান বাজার, সব্জি বাজার ও ফল বাজারে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালে সাধারণ মানুষের সুবিধার্থে বসানো একটি টিউবওয়েল ঘিরে ফলের দোকান দেওয়ার অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ফল ব্যবসায়ী সুজন ও নজরুলকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক দখলের দায়ে আরও দুটি প্রতিষ্ঠানসহ মোট চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে পৌর কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য সহযোগিতা করেন।
অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, "জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং পৌর সদরের দীর্ঘদিনের যানজট নিরসনে সড়ক ও ফুটপাত দখলমুক্ত হয়েছে। এর আগেও একাধিকবার উচ্ছেদ করা হলেও ব্যবসায়ীরা পুনরায় সড়ক দখল করেন। এবার অভিযানের পর কেউ সড়ক ও ফুটপাত দখল করলে তার বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।"
