রোববার ● ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩
উদ্বোধন হলো কুমিল্লা ভিক্টোরিয়া স্পোর্টস
১৩ হাজার বর্গফুটের টার্ফে ফুটবল, ব্যাডমিন্টন ও শিশুদের জন্য কিডস জোন
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:৫৫ এএম আপডেট: ১০.১০.২০২৬ ২:১৪ এএম |

 উদ্বোধন হলো কুমিল্লা ভিক্টোরিয়া স্পোর্টস
নিজস্ব প্রতিবেদক: শিশু থেকে শুরু করে তরুণ ও বয়স্ক-সব বয়সী মানুষের জন্য একই জায়গায় খেলাধুলা ও বিনোদনের সুযোগ তৈরি করেছে ‘কুমিল্লা ভিক্টোরিয়া স্পোর্টস’। কুমিল্লা নগরীর ইপিজেড রোডে মডার্ন হাউজিং সংলগ্ন ইয়াসিন মার্কেট এলাকায় গড়ে উঠেছে এই আধুনিক স্পোর্টস কমপ্লেক্স।
প্রায় ১৩ হাজার বর্গফুট জায়গাজুড়ে নির্মিত টার্ফে একসঙ্গে দুই দলের ১১ জন করে খেলোয়াড় ফুটবল খেলতে পারবেন। খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের খেলা উপভোগের জন্য রয়েছে আধুনিক গ্যালারি। একই সঙ্গে ক্রীড়াপ্রেমীদের জন্য রয়েছে ব্যাডমিন্টন খেলার সুবিধা এবং শিশুদের জন্য আলাদা কিডস জোন।
বৃহস্পতিবার বিকেলে টার্ফের মাঠেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় ‘কুমিল্লা ভিক্টোরিয়া স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠান। পরে অতিথিদের বক্তব্য শেষে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর টিমের সদস্যদের সঙ্গে মাঠে বল কিক করে স্পোর্টস কমপ্লেক্সটির কার্যক্রমের শুভ সূচনা করেন অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উতবাতুল বারী আবু। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক শোয়াইবুল ইসলাম জুয়েল, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আবু রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অতিথিরা।
সংশ্লিষ্টরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি শিশু ও পরিবারের সদস্যদের জন্য সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই ‘কুমিল্লা ভিক্টোরিয়া স্পোর্টস’-এর অন্যতম লক্ষ্য। পরিবারের সদস্যদের বয়সভেদে ভিন্ন ভিন্ন বিনোদনের সুযোগ থাকায় এটি নগরবাসীর জন্য নতুন একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠবে বলে আশা করছেন তারা।
উদ্বোধনের পর নির্ধারিত সময় অনুযায়ী ফুটবল ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলার জন্য স্লট বুকিং নেওয়া হবে। আগ্রহীরা নিজেদের সুবিধাজনক সময়ে বুকিং নিয়ে খেলাধুলার সুযোগ পাবেন।
শিশুদের বিনোদন, তরুণদের খেলাধুলা আর পরিবারের সদস্যদের অবসর কাটানোর সুযোগ-সব মিলিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া স্পোর্টস নগরবাসীর জন্য তৈরি করেছে খেলাধুলা ও বিনোদনের নতুন এক ঠিকানা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২