সদর দক্ষিণ প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কুমিল্লা মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকাসহ সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় গঠিত হয়েছে মাদক প্রতিরোধ কমিটি। এসব কমিটির উদ্যোগে পাড়া-মহল্লায় দিন-রাত চলছে মাদকবিরোধী অভিযান। মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বয়কটের পাশাপাশি মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে। এতে অনেক এলাকায় পিছু হটতে শুরু করেছে মাদক কারবারিরা। তবে মাদক কারবারিরা কৌশল পাল্টে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে বাস ও ট্রাক টার্মিনাল এবং খোলা মাঠে মাদক বেচাকেনা করার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের বিস্তার রোধে বিভিন্ন পাড়া-মহল্লায় স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির সদস্যরা নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় নজরদারি করছেন। কোথাও মাদক সেবন বা কেনাবেচার তথ্য পাওয়া গেলে স্থানীয়ভাবে প্রতিরোধের পাশাপাশি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হচ্ছে। মাদকবিরোধী এ সামাজিক আন্দোলনের কারণে বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের তৎপরতা কমে আসছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ এবং মাদক প্রতিরোধ কমিটির নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকলে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছেন তারা।
নগরীর উত্তর রামপুর মধ্যমপাড়া মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ জোরদার করা হয়েছে। পাড়া-মহল্লায় নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান ও নজরদারি চলছে। মাদকের সঙ্গে জড়িতদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়ে না ওঠা পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রশাসনকে আরো সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন তিনি।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের সঙ্গে কোনো আপস নয়, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
