বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড)-এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট উন্নয়নকর্মী ও সমাজবিজ্ঞানী ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৯ সালের ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন তিনি।
ড. আখতার হামিদ খান ১৯১৪ সালের ১৫ জুলাই ভারতের আগ্রায় জন্মগ্রহণ করেন। পল্লী উন্নয়ন ও সমবায়ভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অবদান বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। তৃণমূল জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়নের যে ধারণা তিনি প্রতিষ্ঠা করেন, তা পরবর্তী সময়ে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
পল্লী উন্নয়নে ড. আখতার হামিদ খানের সবচেয়ে উল্লেখযোগ্য অবদানগুলোর একটি হলো ১৯৫৯ সালে কুমিল্লায় সমন্বিত পল্লী উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা। পরবর্তীতে এ উদ্যোগ ‘কুমিল্লা মডেল’ নামে পরিচিতি লাভ করে। এ মডেলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ছিল দ্বি-স্তর সমবায় ব্যবস্থা, যা পরবর্তীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভিন্ন কার্যক্রমে অনুসৃত হয়।
১৯৫৯ সালের ২৭ মে কুমিল্লায় পাকিস্তান একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (পার্ড) প্রতিষ্ঠিত হলে ড. আখতার হামিদ খান এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব নেন। একই বছর তিনি কুমিল্লা সমবায় পাইলট প্রকল্পের ভিত্তি স্থাপন করেন। ১৯৭১ সাল পর্যন্ত তিনি কুমিল্লা প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনতার পর পার্ডের নাম পরিবর্তন করে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড) করা হয়।
ড. আখতার হামিদ খান পল্লী জনগোষ্ঠীর পাশাপাশি শহরের বস্তিবাসীদের উন্নয়নেও বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেন। তাঁর উদ্যোগে ক্ষুদ্রঋণ, আত্মকর্মসংস্থান, আবাসন ও পরিবার পরিকল্পনাসহ নানা ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। তৃণমূল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল এসব কর্মসূচির অন্যতম লক্ষ্য।
কর্মজীবনে ড. আখতার হামিদ খান বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসের (আইসিএস) কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা ও কলেজে শিক্ষকতা করেন এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।
পল্লী উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি র্যামন ম্যাগসেসে পুরস্কার, জিন্নাহ পুরস্কার, নিশান-ই-ইমতিয়াজ ও সিতারা-ই-ইমতিয়াজসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেন।
ড. আখতার হামিদ খানের উন্নয়ন দর্শন ও অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়নের ধারণা আজও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অনুসৃত হচ্ছে। তাঁর প্রতিষ্ঠিত বার্ড ও কুমিল্লা মডেল দেশের পল্লী উন্নয়ন ও সমবায়ভিত্তিক কর্মকাণ্ডের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।
এদিকে বার্ডের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড. আখতার হামিদ খান এর ২৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১০ টায় ড. খান এর স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পন, মুনাজাত এবং বাদ জুমা মসজিদে মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে। উল্লেখিত অনুষ্ঠানে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
