রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় সরকারি খাল ভরাট করে বাড়ির জন্য ব্যক্তিগত রাস্তা নির্মাণ করেছেন স্থানীয় একটি প্রভাবশালী মহল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন সংলগ্ন ক্ষীরনদীর একটি শাখা খালে এ ভরাট কাজ চালিয়ে যাচ্ছে রূপনগর এলাকার বাসিন্দা ওবায়দুর রহমান শিশন সহ একটি মহল।
খবর পেয়ে বুধবার (৭ অক্টোবর) চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে,এম,ইন্জারুল হক এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে খাল ভরাট কার্যক্রম বন্ধ করেন। কিন্তু তাতেও থেমে নেই তাদের অপতৎপরতা।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়- চক্রের সদস্যরা খালটির এক পাশে বাঁশের বেড়া দিয়ে বালু ভর্তি বস্তা ফেলে রাস্তা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়- রূপনগর আবাসিক এলাকার বাসিন্দা ওবায়দুর রহমান শিশন সহ দুই ব্যক্তি ক্ষীরনদীর শাখা খালটির পাশ ঘেঁষে রাস্তার জন্য জায়গা না রেখে দুইটি বহুতল ভবন নির্মাণ করেন। দীর্ঘদিন যাবৎ অন্যের জায়গা ব্যবহার করে যাতায়াত করলেও বর্তমানে রাজনৈতিক নেতাদের ছত্র-ছায়ায় খালের এক পাশ ভরাট করে রাস্তা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনা সম্পর্কে জানতে ওবায়দুর রহমান এর বাড়িতে গিয়ে খোঁজ করে তাকে পাওয়া যায়নি। শ্রমিকদের সাথে কথা বললে তারাও কোন কথার কর্ণপাত না করে বলেন- আমাদেরকে কাজ করতে বলেছে, আমরা কাজ করছি।
এ ব্যাপারে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে,এম, ইন্জারুল হক জানান- খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। তবে ওই বাড়ির মালিক দাবি করেছেন সেখানে তার মালিকানা জায়গা রয়েছে। আমরা সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ করার পর ব্যবস্থা গ্রহণ করবো।
