পূজা মন্ডপে বিশৃঙ্খলাকারী যে দল বা ধর্মের অনুসারীই হউক না কেন তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। কুমিল্লার প্রতিটি পূজা মন্ডপে থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। যে কোন পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে এবারের শারদীয় উৎসব উদযাপন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে কুমিল্লা পুলিশ লাইনের সম্মেলন কক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন- কিছু বিশৃঙ্খলকারী যুবক বিভিন্ন পূজা মন্ডপে ঘুরে ডিজে সাউন্ডের সাথে নেচে গেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এবার সেইসব বিশৃঙ্খলকারীদেরকে আমরা সুযোগ দেবো না। প্রতিটি থানার অফিসার ইন-চার্জগণ ওইসব উশৃঙ্খল যুবকদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনবে। পূজা উপলক্ষ্যে অবৈধ মোটরসাইকেল এর বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হবে।
তিনি আরও বলেন- পূজা মন্ডপগুলোতে পুলিশ, এসআরবি, বিজিবি, আনসার ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দারা মাঠে থাকবে। পূজার শুরু থেকে শেষ পর্যন্ত জেলা অফিসে কন্ট্রোল রোম থাকবে। প্রতিটি পূজা মন্ডপে আমাদের জরুরী সেবা নম্বর-৯৯৯ ছাড়াও জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, বিভিন্ন থানার অফিসার ইন-চার্জদের নম্বর দেয়া থাকবে। এছাড়াও আমাদের একটি পৃথক এ্যাপস থাকবে। খোলা হবে একটি হোয়াটসএ্যাপ গ্রুপ। সেখান থেকে জেলার সকল পূজা মন্ডপ আমাদের নজরে থাকবে।
এসময় তিনি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কিছু নির্দেশে যথাযথ ভাবে মেনে চলারও পরামর্শ দেন।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জিয়াউর রহমান, কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক নারায়ণ সরকার, কুমিল্লা মহানগরী পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি শ্যামল কৃষ্ণ সাহা, কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি দুলাল দেবনাথ সহ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর কুমিল্লা জেলা, মহানগর ও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পংকজ বড়ুয়া, জেলার বিভিন্ন সার্কেল এর অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইন-চার্জগণ।
এ বছর কুমিল্লা মহানগরসহ জেলার ১৮টি উপজেলায় ৮৬০টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।
