
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা-পুলিশের পৃথক চার অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক উদ্ধারসহ এক, চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি তিনজন এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি দুজন রয়েছেন।
আজ বুধবার (৭ অক্টোবর) বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ১১টার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়নের গোপালনগর থেকে নাল্লাগামী পাকা সড়কের রুকু ভূঁইয়ার পুকুরপাড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মোঃ বিল্লাল হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বিল্লাল উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।
পৃথক আরেক অভিযানে পুলিশ ৪৫৪ ও ৩৮০ ধারায় দায়ের করা একটি চুরি মামলার (মামলা নম্বর-৮, তারিখ: ০৬ অক্টোবর ২০২৬) তদন্তে প্রাপ্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। এসআই মোঃ মাহতাব হোসাইনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মোঃ আব্দুল আজিজ (১৯), মোঃ সাইফুল ইসলাম (২০) এবং মোঃ সজিব মিয়া (২১)। তাঁদের মধ্যে আব্দুল আজিজ ও সজিব মিয়ার বাড়ি অলুয়া গ্রামে এবং সাইফুলের বাড়ি মনোহরপুর এলাকায়।
এ ছাড়া এএসআই মোঃ নাছির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ আনোয়ার হোসেনকে (৩৬) নাইঘর এলাকা থেকে এবং এএসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে অপর এক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ আলমকে (৩৯) বাগড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
