শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
বীমা শিল্পকে আরও শক্তিশালী করতে গ্রাহকের আস্থা অর্জনের আহ্বান
সৌরভ মাহমুদ হারুন।।
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:০২ এএম আপডেট: ০৮.১০.২০২৬ ১:৫০ এএম |

 বীমা শিল্পকে আরও শক্তিশালী করতে গ্রাহকের আস্থা অর্জনের আহ্বান
সাফল্য উদযাপন, ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের প্রত্যয়ে কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে ‘সেলিব্রেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) মহানগরীর কুমিল্লা ক্লাবের ৬ষ্ঠ তলার মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ১০টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ।
 বলেন, বীমা শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়; মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অনিশ্চিত ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলা, পরিবারকে আর্থিক সুরক্ষা দেওয়া এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে জীবন বীমার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বীমা শিল্পকে আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য করতে গ্রাহকের আস্থা অর্জন এবং প্রতিশ্রুত সেবা যথাসময়ে নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বীমা খাতের প্রতি মানুষের আস্থা বাড়াতে হলে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গ্রাহকের সঙ্গে প্রতিশ্রুতির কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সততা, দক্ষতা ও আন্তরিকতার ওপর প্রতিষ্ঠানের সাফল্য অনেকাংশে নির্ভর করে। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে দেশের একটি শক্তিশালী ও আস্থাশীল ইসলামী জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সায়েদুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এস এম নুরুজ্জামান।
তিনি বলেন, বর্তমান সময়ে মানুষের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনায় বীমার গুরুত্ব ক্রমেই বাড়ছে। প্রতিযোগিতামূলক বীমা বাজারে টিকে থাকতে হলে সেবার মান বাড়ানোর পাশাপাশি গ্রাহকের চাহিদা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি অর্জনই হবে আমাদের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক-ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং ময়নামতি গোল্ডেন টাওয়ার ও ফাইন্ড টাওয়ারের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার, কুমিল্লা মডার্ন হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন কায়সার এবং স্বেচ্ছাসেবক দল, কুমিল্লা দক্ষিণের সদস্য সচিব মো. আনোয়ার হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিনিয়র ডিএমডি ও হেড অব দ্য অর্গানাইজেশন মো. আমিনুল হক ভূঁইয়া।
আরও বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল কাদের , অধ্যাপক মোঃ আবুল কাসেম ও এমদাদুল্লাহ মজুমদার, সহকারী ম্যানেজিং ডিরেক্টর সামসুন্নাহার রতনা, সহকারী জেনারেল ম্যানেজার মেরি মাহমুদা এবং শাখা ব্যবস্থাপক কুলসুম আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, মানুষের জীবনে নানা ধরনের অনিশ্চয়তা ও ঝুঁকি রয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় জীবন বীমা একটি কার্যকর আর্থিক সুরক্ষা ব্যবস্থা। বিশেষ করে ইসলামী জীবন বীমা শরিয়াহভিত্তিক নীতি ও পারস্পরিক সহযোগিতার ধারণাকে সামনে রেখে মানুষের মধ্যে আর্থিক নিরাপত্তার প্রত্যয় সৃষ্টি করছে। দেশের বীমা শিল্পকে আরও গতিশীল করতে গ্রাহকসেবার মানোন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে কুমিল্লা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, অর্জিত সাফল্য এবং ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা আরও বলেন, শুধু ব্যবসায়িক প্রবৃদ্ধি নয়, মানুষের আস্থা অর্জনই একটি বীমা প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্যের মাপকাঠি। গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে দেশের বীমা শিল্প আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে।
অনুষ্ঠান শেষে কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২