
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব বলে মন্তব্য করেছেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
তিনি বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য বাস উপহার দিতে পেরে পূবালী ব্যাংক আনন্দিত। শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও ব্যাংকের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বুধবার (৭ অক্টোবর) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জিয়া অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি।
মোহাম্মদ আলী আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণসহ বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অবদান রাখতে পূবালী ব্যাংক তার সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মজিদ এবং পূবালী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. মাইনুল ইসলাম। শিক্ষক পরিষদ সম্পাদক গাজী গোলাম মোহাম্মদ সোহরাব হাসান। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. আবদুল কুদ্দুস।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে বাসের চাবি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়ার কাছে হস্তান্তর করেন। একই সঙ্গে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পূবালী ব্যাংকের একটি ইলেকট্রনিক বুথের উদ্বোধন করা হয়।
এ সময় শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসান, ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ কলেজ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পূবালী ব্যাংকের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বাসটি শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কলেজের পক্ষ থেকে পূবালী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
