কুমিল্লার বুড়িচংয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি বের হয়।
এরপর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন।
এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য-“শিক্ষকদের পাশে থাকা: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক শুধু পাঠদানকারী নন, তিনি একটি জাতির বিবেক, মূল্যবোধ ও ভবিষ্যৎ নির্মাণের অন্যতম কারিগর। একটি প্রজন্মকে জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার আলোয় গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন করতে হলে প্রথমেই শিক্ষকদের মানসম্মত পরিবেশে কাজের সুযোগ দিতে হবে। একজন শিক্ষক যখন সম্মান, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়ে দায়িত্ব পালন করতে পারবেন, তখনই তার মেধা, দক্ষতা ও সৃজনশীলতার সর্বোচ্চ বিকাশ ঘটবে। আর সেই বিকাশের সুফল পাবে শিক্ষার্থী, পরিবার, সমাজ ও রাষ্ট্র।
বক্তারা শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী, মানবিক ও মানসম্মত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার।
আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (দায়িত্ব প্রাপ্ত) মোঃ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী মোঃ ওয়ালী উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের আহমেদ, অধ্যক্ষ মোঃ আবু তাহের, অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল, প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভূইয়া, অধ্যক্ষ মাওলানা আবুল হোসাইন, সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, সহকারী শিক্ষক এম ইসমাইল হোসেন নয়ন, সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান।
এসময় বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
