"শিক্ষার্থীদের শুধু গতানুগতিক চাকরিপ্রার্থী হলেই চলবে না; নিজেদের মেধা ও নেতৃত্বগুণের বিকাশ ঘটিয়ে চাকরিদাতা ও দেশের মূল নীতি-নির্ধারক (পলিসি মেকার) হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করীম।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ১৪তম ও ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, "পড়াশোনাকে নির্দিষ্ট কোনো গণ্ডির ভেতরে আটকে না রেখে ইন্টারডিসিপ্লিনারি বা বহুমুখী করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনের পাঠ চুকিয়ে নিজেদের মেধার ও নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংকিং ও ব্র্যান্ডিংয়ের বিষয়ে তিনি বলেন, "র্যাংকিংয়ে এগিয়ে যেতে শুধু শিক্ষকদের গবেষণা একা যথেষ্ট নয়; শিক্ষার্থীদের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও গবেষণার সুনির্দিষ্ট ডকুমেন্টেশন থাকতে হবে।"
শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে উপাচার্য জানান, ছাত্রীদের খেলাধুলার প্রসারে একটি পৃথক 'স্পোর্টস কমপ্লেক্স' নির্মাণের আনুষ্ঠানিক প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং ক্যাম্পাসে দ্রুতই একটি আধুনিক 'ফিমেল কর্নার' স্থাপন করা হচ্ছে।
তিনি আরো বলেন, "বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ, নতুন ক্যাম্পাসকে 'গ্রিন ক্যাম্পাস' হিসেবে গড়ে তোলা এবং সমাজের খেটে খাওয়া মানুষের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।"
অনুষ্ঠানে লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাঃ শামসুন্নাহার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম এবং লোক প্রশাসন অ্যাসোসিয়েশনের সভাপতি ড.কৃষ্ণ কুমার সাহা।
