যথাযথ মর্যাদা, অসীম শ্রদ্ধা ও বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে কুমিল্লার মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। “শিক্ষকদের সুশিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত হোক আগামী প্রজন্ম”— এই উদাত্ত আহ্বানে মুরাদনগর ও বাঙ্গারা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য র্যালি ও প্রাণবন্ত আলোচনা সভা।
০৫ অক্টোবর সকালে মুরাদনগরের কবি নজরুল মিলনায়তনে সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্যে মুরাদনগর ও বাঙ্গারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী বলেন,
"শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষেই শিক্ষা দেন না, তাঁরা একটি আদর্শ সমাজ ও আধুনিক জাতি গঠনের মূল কারিগর। শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষক সমাজকে কোমলমতি শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে, যাতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের সমন্বয়ে তারা প্রকৃত সুশিক্ষায় আলোকিত হতে পারে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকের মেলবন্ধন অত্যন্ত জরুরি; তাই শিক্ষার্থীদের পড়াশোনা ও সামগ্রিক আচরণের অগ্রগতি নিয়ে অভিভাবকদের প্রতিনিয়ত অবহিত রাখা প্রয়োজন।"
কাজিয়াতল দক্ষিণ দাখিল মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান-এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার সূচনা হয়।
সভায় শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের মর্যাদা ও সমাজ গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক আব্দুর রব পাটোয়ারী, প্রধান শিক্ষক মফিজউদ্দিন আহমেদ, শিক্ষক বেলালউদ্দিন আহমেদ, রাশেদ খান ও আবু মুছা।
এছাড়াও বিশেষ অতিথি ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
আলোচনা সভা শেষে কবি নজরুল মিলনায়তন প্রাঙ্গণ থেকে এক দৃষ্টিনন্দন ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তন প্রাঙ্গণে এসে শেষ হয়।
