কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
আজ ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
এতে শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালীটি বের করা হয়। র্যালীটি সুশৃঙ্খলভাবে দুই ভাগে বিভক্ত হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একটি অংশ সোনার বাংলা কলেজ অভিমূখে এবং অপর অংশটি ইছাপুরা তেলের পাম্প পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালী চলাকালে শিক্ষক ও শিক্ষার্থীদের পদচারণায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। র্যালী শেষে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শ্রেণিকক্ষে ফিরে যায়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন এবং অভিভাবক সদস্য মো. আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক সালেহ আহমেদ এবং অভিভাবক মো. সিরাজুল ইসলাম খোকনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
উপস্থিত বক্তারা জাতি গঠনে শিক্ষকদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
