বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণপাড়া বিশ্ব শিক্ষক দিবসে জসিম উদ্দিন এমপি
একজন শিক্ষকই পারেন একটি সমাজ ও দেশকে বদলে দিতে
ইসমাইল নয়ন।।
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ এএম |


"শিক্ষকদের পাশে থাকা, পেশাগত সুরক্ষা ও মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর"—এই চিরন্তন ও তাৎপর্যপূর্ণ বাণীকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও এক আবেগঘন আলোচনা সভার আয়োজন করা হয়।
 সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ব্রাহ্মণপাড়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে শিক্ষকদের মর্যাদা ও জাতির গঠনে তাঁদের অনবদ্য অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম।
শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে আবেগঘন বক্তব্যে সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, “শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এবং একটি সুন্দর সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা অদ্বিতীয়। একজন শিক্ষক কেবল শ্রেণিকক্ষে পাঠদানই করেন না, তিনি একটি শিশুর আলোকময় পথ তৈরি করেন। প্রকৃতপক্ষে, একজন শিক্ষকই পারেন একটি শিক্ষার্থীকে, একটি সমাজকে এবং শেষ পর্যন্ত পুরো একটি জাতিকে বদলে দিতে। তাঁদের দেখানো আলোকিত পথ অনুসরণ করেই আমরা একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নে এগিয়ে যাব।”
শিক্ষকদের গুরুদায়িত্বস্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের কাদা মাটি থেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার মহান দায়িত্ব আমাদের শিক্ষকদের ওপর। শিক্ষকের সততা, মেধা ও নৈতিকতার আলোয় যে প্রজন্ম তৈরি হবে, তারাই কাল দেশের নেতৃত্ব দেবে। তাই শিক্ষকদের প্রাপ্য সামাজিক মর্যাদা, পেশাগত নিরাপত্তা এবং সঠিক শিক্ষার পরিবেশ তৈরি করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।”
সামাজিক অবক্ষয় ও মাদকমুক্ত সমাজ গড়ার বিষয়ে গুরুত্বারোপ করে এমপি হাজী জসিম উদ্দিন বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু বইয়ের বিদ্যা নয়, নৈতিক শিক্ষার সুরভী ছড়াতে হবে। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষক, অভিভাবক ও সমাজকে এক হয়ে কাজ করতে হবে। ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বহাল থাকবে। সন্তান কার সাথে মিশছে, কোথায় সময় কাটাচ্ছে—সে বিষয়ে অভিভাবকদেরও পরম মমতায় নজর রাখতে হবে।”
উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদ আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল করিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নাগাইশ রাজ্জাকিয়া ফোরকানিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মোস্তাক ফয়েজী পীরসহ উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা একসুরে বলেন, মানসম্মত শিক্ষা ব্যতীত কোনো জাতির সুদৃঢ় বিকাশ সম্ভব নয়। আর সেই শিক্ষার মূল কারিগর হলেন শিক্ষক। তাই শিক্ষকের যথাযোগ্য মর্যাদা, জীবনযাত্রার নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সুনিশ্চিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে মানবিক ও নীতিবান মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা। শ্রদ্ধা, ভালোবাসা ও অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয় ব্রাহ্মণপাড়ার বিশ্ব শিক্ষক দিবসের আবেগঘন এই আয়োজন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২