মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩
আন্তর্জাতিক জুনিয়র টেনিসের বর্ণাঢ্য শুরু
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ এএম আপডেট: ০৬.১০.২০২৬ ২:০৩ এএম |

 আন্তর্জাতিক জুনিয়র টেনিসের বর্ণাঢ্য শুরুরাজশাহীতে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। আজ সকাল ৯টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এবারের আসরে বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন।
অন্য দেশগুলো হলো ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। ৫ থেকে ১০ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। তিনি বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট আয়োজন মর্যাদাপূর্ণ বিষয়। এ ধরনের আয়োজন তরুণ খেলোয়াড়দের খেলাধুলায় আরও উৎসাহিত করবে। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সাহস তৈরি করে বলেও উল্লেখ করেন তিনি।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান বলেন, আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে মহানগরবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। অংশ নেওয়া দেশি-বিদেশি খেলোয়াড়দের যেকোনো প্রয়োজন ও সমস্যায় সিটি করপোরেশন পাশে থাকবে।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন বলেন, রাজশাহী টেনিস কমপ্লেক্স দীর্ঘদিন ধরে সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে। বাংলাদেশি খেলোয়াড়দের বিদেশি খেলোয়াড়দের সঙ্গে সরাসরি খেলার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক টেনিস ফেডারেশন অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জী প্রায় ১০ বছর ধরে এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত। এবারও তিনি রেফারির দায়িত্ব পালন করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে কেক কেটে অভিনন্দন জানানো হয়।
রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক এই জুনিয়র টেনিস টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ। বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তাঁরা আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, রাজশাহীতে এত বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন আনন্দের বিষয়। বিভিন্ন দেশের খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টটি সফল হবে বলে তাঁর আশা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. এরশাদ আলী, রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. ফয়জুল কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ। স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা মামুনসহ টেনিস কমপ্লেক্সের কর্মকর্তা, খেলোয়াড়, কোচ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, টুর্নামেন্টে বালক ও বালিকা এককে ৩২ জন করে এবং দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র থাকবে। বালকদের মধ্যে থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল এবং বালিকাদের মধ্যে ভারতের শেখ শাজফা শীর্ষ র‌্যাঙ্কিংয়ের খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন।
এবারের আসরে রাজশাহীর পাঁচজন খেলোয়াড় অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী মেইন ড্রয়ে খেলবেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২