গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, নিম্ন-মধ্যবিত্তদের বাসস্থানের জন্য এক লাখ ফ্ল্যাটের পরিকল্পনা আছে। এটা নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছি।
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় আয়োজিত এক র্যালির শুরুতে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ইশতেহার অনুযায়ী নিম্ন-মধ্যবিত্তদের বাসস্থানের জন্য এক লাখ ফ্ল্যাটের পরিকল্পনা আছে। এটা নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছি। আর সারা বাংলাদেশের নগরায়ন যেন পরিকল্পিত হয় সেজন্য আমরা একটা মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করছি। আপাতত শুরু হচ্ছে সিটি করপোরেশন ও বিভাগীয় জেলা শহরগুলো নিয়ে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর বক্তব্য শেষে র্যালিটি শুরু হয়। মন্ত্রণালয় আয়োজিত এই র্যালিটি জিয়া উদ্যানের ক্রিসেন্ট লেকের গ্লাস ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ও মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। এ ছাড়াও মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
