কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে ১২ দিনের ব্যবধানে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সহপাঠী ও স্বজনদের হঠাৎ হারিয়ে পরিবার ও পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনা দুটির বিষয়ে ব্রাহ্মণপাড়া থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো বড়ধুশিয়া গ্রামের মোঃ সামসু মিয়ার ছেলে মোহাম্মদ শাহিন (১৩) এবং একই গ্রামের বাপ্পিহোসেন ভূঁইয়ার ছেলে আলিফ ভূঁইয়া (১৫)। শাহিন বড়ধুশিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠশ্রেণির ছাত্র এবং আলিফ ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ওশান হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর কোনো সন্ধান মেলেনি ১৩ বছর বয়সী শাহিনের। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো হদিস না পেয়ে পরিবার থেকে ব্রাহ্মণপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় (জিডি নং- ১২৩৩)।
অন্যদিকে, এর ১২ দিন আগে গত ১৪ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আলিফ ভূঁইয়া। এর পর থেকে সে-ও আর বাড়ি ফিরে আসেনি।
পরপর দুটি শিশু-কিশোর নিখোঁজের ঘটনায় পরিবার, সহপাঠী ও গ্রামবাসীর দিন কাটছে গভীর অনিশ্চয়তা ও আতঙ্কে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, "দুই শিক্ষার্থী হারানোর বিষয়ে থানায় জিডি করা হয়েছে। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছি। নিখোঁজদের সনাক্ত ও উদ্ধারের জন্য মোবাইল কল লিস্ট ও অন্যান্য তথ্যপ্রযুক্তির সহায়তায় চেষ্টা চালানো হচ্ছে।"
