প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:৫৭ এএম |
কে হবে চ্যাম্পিয়ন, রংপুর কি ধরে রাখবে শিরোপা, নাকি এবার নতুন কোনো দল লিখবে নতুন গল্প? উত্তর পেতে অপেক্ষা করতে হবে ১৭ নভেম্বর পর্যন্ত। তার আগে আগামীকাল (৩ অক্টোবর) চার দিনের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসর।
আট বিভাগীয় দল, সাত রাউন্ড, ২৮ ম্যাচ। লিগ পর্বে প্রতিটি দল খেলবে সাতটি করে ম্যাচ। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষ দলটির হাতেই উঠবে এনসিএলের ট্রফি।
শুরুতেই অবশ্য কঠিন পরীক্ষায় নামতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরকে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ ঢাকা। আকবর আলীর নেতৃত্বে রংপুরের সামনে লক্ষ্য একটাই- শুরুটা জয় দিয়ে করে শিরোপা ধরে রাখার পথে এগিয়ে যাওয়া।
প্রথম রাউন্ডের অন্য ম্যাচগুলোতেও কম নেই উত্তাপ। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা খেলবে বরিশালের বিপক্ষে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের প্রতিপক্ষ ময়মনসিংহ।
তবে এবারের এনসিএলের শুরুটা হবে একটু ভিন্ন আবহে। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে শুরুর কয়েকটি রাউন্ডে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাওয়া যাবে না। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পাশাপাশি ত্রিদেশীয় সিরিজ থাকায় শান্ত-লিটনদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা থাকবেন ব্যস্ততায়।
তাতেই সুযোগটা বড় হয়ে উঠছে অন্যদের জন্য। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের সামনে এনসিএলের মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ। নতুনদের জন্য নজরে আসার, আর অভিজ্ঞদের জন্য নিজেদের জায়গা আরও শক্ত করার লড়াই।
মিরপুর, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের পাশাপাশি এবারের এনসিএলে ম্যাচ হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠ ও কক্সবাজার একাডেমি মাঠেও। সব মিলিয়ে শিরোপার লড়াইয়ের সঙ্গে এবার নজর থাকবে আরও একটি প্রশ্নে জাতীয় দলের অনুপস্থিতিতে কারা নিজেদের মেলে ধরতে পারবেন? রংপুরের রাজত্ব থাকবে, নাকি ১৭ নভেম্বর নতুন কোনো দলের হাতে উঠবে এনসিএল ট্রফি?