কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারের বিভিন্ন অগ্রাধিকার প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, গাছ কাটার কারণে প্রকৃতি যে প্রতিশোধ নেয়, তা ভয়াবহ। সাম্প্রতিক সময়ে নেপালসহ বিভিন্ন স্থানে এর প্রভাব দেখা গেছে। বাংলাদেশেও ঘূর্ণিঝড় সিডরসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে। তাই শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।
জনপ্রশাসন সচিব আরও বলেন, পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকার ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা করছে।
সভায় কুমিল্লার জেলা প্রশাসক মিজ্ রোজী আক্তার, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান ভিপি ওয়াসিম, পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন, প্রকল্পের অগ্রগতি তদারকি এবং জনগণকে কাঙ্ক্ষিত সরকারি সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
