সম্প্রতি কয়েকটি দৈনিক পত্রিকা ও অনলাইনসহ সোস্যালমিডিয়ার সংবাদমাধ্যমে ‘আল-আমিন হাউজিং অ্যান্ড ডেভেলপার্সকে ফের নোটিশ-অনুমোদন না মিললেও প্লট হস্তান্তরের আশ্বাস’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মো. আব্দুর রহিম।
এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে আল-আমিন হাউজিং অ্যান্ড ডেভেলপার্স ও প্রতিষ্ঠানটির প্রকল্প সম্পর্কে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তার বেশিরভাগই অসম্পূর্ণ, বিভ্রান্তিকর এবং প্রকৃত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, সংবাদে কুমিল্লা নগরীর নানুয়াদিঘির পূর্ব পাড় এলাকায় নির্মাণাধীন সিটি করপোরেশনের নকশা অনুমোদন নেই এবং অবৈধ নির্মাণকাজ চলছে বলে উল্লেখ করা হয়েছে। অথচ প্রকল্পের নকশা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ নিয়মে প্রায় দেড় বছর আগে আবেদন করা হয়েছে এবং অনুমোদন প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখা হচ্ছে বলে দাবি করা হয়।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক ভবন নকশা অনুমোদন ছাড়া নির্মাণের যে অভিযোগ সংবাদে তুলে ধরা হয়েছে, সেটিও সঠিক নয়। প্রকল্পের বাস্তব পরিস্থিতি, অনুমোদন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বিষয়গুলো যথাযথভাবে যাচাই না করে এ ধরনের বক্তব্য প্রকাশ করায় পাঠকের কাছে বিভ্রান্তিকর ধারণা তৈরি হতে পারে বলে উল্লেখ করা হয়।
প্রকাশিত সংবাদে ফ্ল্যাট ক্রেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে ২০২৬ সালের ডিসেম্বর অথবা ২০২৭ সালের জানুয়ারিতে ফ্ল্যাট হস্তান্তরের আশ্বাস দেওয়ার কথা বলা হয়েছে বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়। তবে ব্যবস্থাপনা পরিচালকের দাবি, ভবন নির্মাণ ও ফ্ল্যাট হস্তান্তরের সময়সীমা প্রকল্পের অগ্রগতি, অনুমোদনসহ বিভিন্ন বিষয়ের ওপর নির্ভরশীল। তাই কোনো সম্ভাব্য সময়কে চূড়ান্ত হস্তান্তরের নিশ্চয়তা হিসেবে উপস্থাপন করা সঠিক নয়।
প্রতিবাদলিপিতে আরও দাবি করা হয়, সংবাদে প্রতিষ্ঠানটির সুনাম ও দীর্ঘদিনের কার্যক্রম সম্পর্কেও এমন কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে, যা প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম ও গ্রাহকদের সঙ্গে সম্পর্কের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেনি। আল-আমিন হাউজিং অ্যান্ড ডেভেলপার্স দীর্ঘদিন ধরে আবাসন খাতে কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করছে এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান মেনে প্রকল্প পরিচালনার বিষয়ে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়।
হাফেজ মো. আব্দুর রহিম বলেন, “আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে সম্মান করি। একই সঙ্গে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য, প্রকল্পের নথিপত্র এবং প্রকৃত পরিস্থিতি যাচাই করে সংবাদ প্রকাশ করা প্রত্যাশিত। প্রকাশিত প্রতিবেদনে আমাদের বক্তব্যের পূর্ণাঙ্গ ও সঠিক প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করি।”
তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদের বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য উপস্থাপনের জন্য তারা তীব্রপ্রতিবাদ জানাচ্ছেন। ভবিষ্যতে আল-আমিন হাউজিং অ্যান্ড ডেভেলপার্স বা এর কোনো প্রকল্প সম্পর্কে সংবাদ প্রকাশের আগে প্রতিষ্ঠানের বক্তব্য ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান তিনি। কিছু অসাধু সংবাদ কর্মী বিভিন্ন সময় সুবিধা নেওয়ার জন্য বিরক্ত করে, তাদের অসাধু সুবিধা দিতে অস্বীকৃতি জানালে পরবর্তীতে কোম্পানির নামে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করে যাচ্ছে।
