চান্দিনা পৌরসভার বয়স প্রায় ৩০ বছর। পুরো পৌরসভার কোন সড়কই যান চলাচলের উপযোগী নয়। নেই ড্রেনেজ ব্যবস্থা, নেই বিশুব্ধ খাবার পানি সরবরাহও! অপরিচ্ছন্ন এই পৌরসভাকে একটি আধুনিক বাসযোগ্য পৌরসভায় রূপান্তর করাই আমার একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী নাঈমুল হক ভূইয়া।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা উপজেলা সদরের বাজারের ব্যবসায়ীদের সাথে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন- ছাত্রাবস্থা থেকেই ছাত্রদলের মাধ্যমে আমার রাজনীতির হাতেখড়ি। দীর্ঘদিন প্রবাস থাকলেও জনসেবা মূলক অনেক কাজ করেছি। ২০২৫ সালের সংসদ নির্বাচনে দেশে আশার পর চান্দিনা পৌরসভার এমন বেহাল অবস্থা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি আর প্রবাস নয়, এবার দেশে থেকেই জনসেবা করবো। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিধ্বস্ত পৌরসভাটির হাল ধরতে চাই।
সাবেক ওই ছাত্রনেতা আরও জানান- আসন্ন চান্দিনা পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করলে আমার ওয়ার্ডের সর্বস্তরের নেতা-কর্মী আমার সাথে একাত্মতা করেন। এছাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী ও জনগণের ব্যাপক সমর্থন পাচ্ছি। আমি সকলের দোয়া চাই।
সম্ভাব্য মেয়র প্রার্থী নাঈমুল হক ভূইয়া মঙ্গলবার বিকেলে চান্দিনা হাজী সাহেবের মোড় থেকে পশ্চিম বাজার পর্যন্ত ঘুরে ব্যবসায়ী ও বাজারে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড যুবদল সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার, উপজেলা তাঁতীদল সভাপতি মোস্তফা কামাল খাঁন, ৮নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি শাহিন আহমেদ, বিশিষ্ট্য ব্যবসায়ী ফারুকুল আলম ভূইয়া, জাহাঙ্গীর আলম লিটন ভূইয়া, মনিরুজ্জামান মনির, আব্দুল আজিজ, কামরুজ্জামান ভূইয়া, যুবদল নেতা ফারুক আহমেদ, জহিরুল ইসলাম প্রমুখ।
