কুমিল্লার দেবিদ্বারে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২৬) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা। সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট, অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রম নিয়ে প্রতিবেদন উত্থাপন করেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, মনিরুজ্জামান।
সভায় প্রধান বিষয় হিসেবে উপজেলার কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে আরও কার্যকর ওদীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহন এবং গ্যাং কালচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। মাদকদ্রব্য বিক্রয় ও সেবন বন্ধ, সন্ত্রাস দমন এবং সড়কে যানজটসহ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিক সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং আসন্ন দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম শহীদ, সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সমন্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আক্তার হোসেন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শাহীন আলম এবং আজকের পত্রিকার প্রতিনিধি শফিউল আলম রাজিবসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে উপজেলায় যানজট নিয়ন্ত্রণ, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তনেওয়া হয়।
