
ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ফুটবলার। মেক্সিকোতে এই দুর্ঘটনায় নিহতরা হলেন গোলরক্ষক হোসে ইগনাসিও মোরেনো ফার্নান্দেজ, যিনি ‘নাচো পোর্তে’ নামে পরিচিত ছিলেন, এবং ফরোয়ার্ড কার্লোস আলফোনসো রামিরেজ গুয়েভারা, ডাকনাম ‘চার্লি’।
নাচোর বয়স ছিল ২৮ এবং চার্লির ২৬ বছর। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে মেক্সিকোর পুয়েবলা রাজ্যের পালমার দে ব্রাভোর কাছে কুয়াকনোপালান–ওয়াহাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় ২০১৫ সালের একটি নীল ফোর্ড ফোকাস গাড়ি চালাচ্ছিলেন নাচো। তার পাশের আসনে ছিলেন চার্লি। মহাসড়কের এক কিলোমিটারের কাছাকাছি গিয়ে তাদের গাড়িটি একটি ফ্রেইটলাইনার ফ্ল্যাটবেড লরির পেছনে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের পর গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে আটকা পড়েন দুই ফুটবলার। জরুরি উদ্ধারকারী দল তাদের বের করে আনার চেষ্টা করলেও ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়।
তাদের সঙ্গে গাড়িতে থাকা ২১ বছর বয়সী এক নারী যাত্রী দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও গুরুতর আহত হন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুয়েবলা ও পার্শ্ববর্তী তলাক্সকালা অঞ্চলের ফুটবল লিগে নাচো ও চার্লি দুজনই বেশ পরিচিত ও সম্মানিত খেলোয়াড় ছিলেন।
নাচো মেক্সিকোর কয়েকটি পরিচিত ক্লাবের যুব একাডেমিতে খেলেছেন। এর মধ্যে শীর্ষ পর্যায়ের ক্লাব লোবোস বিইউএপি ও পাচুকার একাডেমিও ছিল। তাদের আকস্মিক মৃত্যুতে আঞ্চলিক ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
