
ছেলেদের সঙ্গে অনুশীলন করে বিকেএসপিতে চান্স পাওয়া ক্রিকেটার অচেনা জান্নাত ইমান্তা বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলে অন্তর্ভুক্ত হয়েছেন।
আজ (মঙ্গলবার) রাত দশটার ফ্লাইটে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছেন জান্নাত ইমান্তা। তিনি ২০২১ সালে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন।
জান্নাত ইমান্তা বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নে বুড়াশাহা পাড়া গ্রামের বাসিন্দা মেম্বার আনিসুর রহমান ও আটগাঁও উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আকলিমা খাতুন দম্পতির মেয়ে।
মা আকলিমা খাতুন বলেন, ‘আমি একসময় ক্রিকেট খেলতাম। কিন্তু আমি সাপোর্ট পাইনি। তাই সামনে এগোতে পারিনি। আমার মেয়ের ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে তাকে যখন সেতাবগঞ্জ ক্রিকেট একাডেমিতে ভর্তি করাতে যাই, তখন সেখানে কোনো নারী খেলোয়াড় ছিল না। তাই তারা ভর্তি নিতে চায়নি। আমি তাদেরকে অনেক বুঝিয়ে রাজি করাই। পরে তারা ভর্তি নেয়। আমার মেয়েকে একাই ছেলেদের সঙ্গে অনুশীলন করতে হয়েছে। সেতাবগঞ্জ ক্রিকেট একাডেমির শিক্ষক ও ছেলে শিক্ষার্থীরা তাকে সবাই সহযোগিতা করেন।’
‘পরে ২০২১ সালে অচেনা জান্নাত ইমান্তা দিনাজপুর বিকেএসপিতে চান্স পায়। সেখান থেকে সে উচ্চ মাধ্যমিক পাস করেছে। সে বিভিন্ন সময় ঢাকার বিভিন্ন লিগে খেলতো। সেখান থেকেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে অন্তর্ভুক্ত হয়। আজ সে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে। আমি তার জন্য বোচাগঞ্জসহ দেশবাসীর দোয়া চাই।’
সেতাবগঞ্জ ক্রিকেট একাডেমির শিক্ষক নূর আলম বলেন, ‘আমার একাডেমিতে কোনো মেয়ে খেলোয়াড় ছিল না। এখনও নেই। প্রথমে আমি তাকে ভর্তি নিতে চাইনি। পরে তার মায়ের পীড়াপীড়িতে ভর্তি নেই। সকলের সহযোগিতায় তার নিজের প্রচেষ্টায় সে এতদূর এসেছে। এতগুলো ছেলের মাঝে মাত্র একজন মাত্র মেয়ে দুই বছর কোচিং করে বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পায়। আজ সে সফলতা পেয়েছে , বাংলাদেশের হয়ে খেলবে। এজন্য আমি আনন্দিত ও গর্বিত। আমি তার সফলতা কামনা করছি।’
