প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ২৫.০৯.২০২৬ ১:৩৪ এএম |

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার উঠতি বয়সি কিশোর-তরুণদের অপরাধ কার্যক্রম বন্ধে ও কিশোর গ্যাং কালচার প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ।
তিনি বলেন, বিভিন্ন গণমাধ্য ও সামাজিক মাধ্যমের তথ্যমতে- ২০১৫ সালের পর থেকেই কুমিল্লায় ধীরে ধীরে কিশোর গ্যাং গ্রুপের সংখ্যা কেবলই বাড়তে থাকে। ঠিক কি কারণে কিশোর-তরুণরা অপরাধে জড়িয়ে পড়ছেন এ বিষয়টি নিয়ে যারা কাজ করেন তারাই ভালো বলতে পারবেন। তবে আমার কাছে মনে হচ্ছে সামাজিক অবক্ষয়ের কারণই এর জন্য প্রধান দায়ি। ইদানিংকালে সন্ধ্যার পরপরই শিক্ষার্থীদের ঘর থেকে বের হওয়ার একটা প্রবণতা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই আছে কোচিংয়ের কথা বলে ঘর থেকে বের হলেও তারা সেখানে না গিয়ে বিভিন্ন জায়গায় আড্ডডা দিচ্ছে। এ বিষয়টি রোধ করতে পরিবারের সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, স্কুলের শিক্ষার্থীরা যেনো কিশোর গ্যাংয়ে কিংবা অপরাধে জড়িয়ে না পড়ে এজন্য প্রায়ই আমরা অভিভাবকদের নিয়ে বসি এবং এ বিষয়ে কথা বলি পাশাপাশি ক্লাস টিচারদের সাথেও এ বিষয়টি নিয়ে কথা বলে যাচ্ছি। যদিও কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করছি- অনেক বাবা-মাও অসহায়ত্ব প্রকাশ করছেন- যেটা আমাদেরকে খুব ভাবিয়ে তুলছে। প্রাথমিক পর্যায় থেকেই একজন শিক্ষার্থীকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে কিশোর বয়সে তারা আর অপরাধে জড়াবে না। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী আরএকটু তৎপর হলেই কিশোর অপরাধীর সংখ্যা কমে আসবে বলে মনে করেন তিনি।