ইসমাইল নয়ন।।
একাত্তরের রণাঙ্গনের বীর সেনানী, অবসরপ্রাপ্তসেনাসদস্য ও ব্রাহ্মণপাড়ার মানুষের সুপরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা সুলতান ফকির আর নেই। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ছন্দু শাহ মাজার সংলগ্ন নিজ বাড়িতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে এবং বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, একাত্তরে জীবনের মায়া ত্যাগ করে লাল-সবুজের পতাকার জন্য লড়েছিলেন সুলতান ফকির। সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর নিজেকে নিয়োজিত রেখেছিলেন ব্রাহ্মণপাড়া সদরের ঐতিহ্যবাহী ছন্দু শাহ মাজারের খাদেম হিসেবে। তাঁর সরল জীবনযাপন এবং মানুষের প্রতি ভালোবাসা স্থানীয়দের কাছে তাঁকে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল। তাঁর চিরবিদায়ের সংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকায় এক বিষাদময় পরিবেশের সৃষ্টি হয়। বহু মানুষ তাঁর মরদেহের পাশে এসে ভিড় জমান এবং একনজর দেখার জন্য শোক প্রকাশ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার নিজ গ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
