কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মুরাদনগর সদরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুরাদনগর সদরস্থ উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও ঐতিহ্যবাহী আল্লাহ চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, আবুল হাসান সিটন ও নজরুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির যেকোনো ধরনের নৈরাজ্য, নাশকতা ও চক্রান্তের বিরুদ্ধে রাজপথে কড়া পাহারা দেওয়া হবে। দেশের মানুষের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন জনগণকে সাথে নিয়ে কঠোর হস্তে প্রতিহত করবে।
