কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের গুদাম রক্ষক হিসেবে অবসর নেওয়ার পর মারা যাওয়া মো. হাবিবুর রহমানের পেনশনসহ অন্যান্য প্রাপ্য সুবিধা তার প্রতিবন্ধী ছেলে মো. আশফাকুর রহমান শাওনকে কেন প্রদান করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী চার সপ্তাহের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ আটজনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. পারভেজ। সাথে ছিলেন মো. খাদেমুল ইসলাম।
আইনজীবী মো. পারভেজ জানান, ময়মনসিংহ সদর এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুদাম রক্ষক হিসেবে ২০১৬ সালের ২০ জানুয়ারি অবসরে যান। অবসরের পর তিনি বিধি অনুযায়ী পেনশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করে আসছিলেন। চলতি বছরের ৪ মার্চ তিনি মারা যান। এর আগে তার স্ত্রীও মারা যান।
মৃত্যুকালে হাবিবুর রহমান তিন মেয়ে ও এক ছেলে রেখে যান। তার একমাত্র ছেলে আশফাকুর রহমান শাওন প্রতিবন্ধী। এ অবস্থায় অন্য উত্তরাধিকারীরা তাকে এককভাবে পেনশনভোগী হিসেবে মনোনীত করেন।
এর পরিপ্রেক্ষিতে আশফাকুর রহমান শাওন তার বাবার পেনশনসহ অন্যান্য প্রাপ্য সুবিধা নিজের অনুকূলে মঞ্জুরের জন্য গত ১৫ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। তবে ওই আবেদন গত ২৭ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান নামঞ্জুর করেন।
পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন আশফাকুর রহমান শাওন। সেই রিটের শুনানি শেষে আদালত সোমবার রুল জারি করেন।
