
কুমিল্লা নগরীর জালুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৩ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. নয়ন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১, সিপিসি-২।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন জালুয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২৩ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার মো. নয়ন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গোলাবাড়ী গ্রামের আব্দুর রব ভূঁইয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল বলে জানা গেছে।
র্যাব-১১ জানায়, মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।
