এশিয়ান গেমস শুরুর আগেই নানা ঘটনা ঘটছে। আজ (শনিবার) উদ্বোধনী দিনে বাংলাদেশ নারী ক্রিকেট দলও অদ্ভুত ঘটনার শিকার হলো। সকাল ৯টায় বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল চীন। সেলক্ষ্যে নিগার সুলতানা জ্যোতির দল নির্ধারিত সময়ে মাঠে গেলেও চীনের মেয়েরা আসেনি।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ বলেন, ‘৯টার ম্যাচের জন্য আমরা সাড়ে ৭টায় মাঠে আসি। এসে শুনি কিউরেটর বলছে– “খেলা হবে না।” কিছুক্ষণ পর জানতে পারি চীন আসবে না। চীন না আসায় আগামীকাল সেমিফাইনালের জন্য আমরা প্র্যাকটিস করছি।’
চীনের আগ্রহেই বাংলাদেশ খেলতে রাজি হয়েছিল প্রীতি ম্যাচে। সেই চীনই মাঠে না আসায় বিস্মিত বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ, ‘ওসিএ (অলিম্পিক কাউন্সিল অব এশিয়া) আমাদের অনুরোধ করেছিল তাদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে। বিসিবির সঙ্গে আমরা যোগাযোগ করে ম্যাচ খেলতে রাজি হই। সব কিছু সম্পন্ন করে এখন তারা আসেনি, এটি আমি ওসিএকে জানিয়েছি।’
চীন বাংলাদেশের সঙ্গে খেলতে চেয়েছিল। সব কিছুর পরও চীন নারী দলের মাঠে না আসা বিস্ময়কর। এ নিয়ে অবশ্য তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশের শেফ দ্য মিশন অনুমান করছেন, ‘তারা পুনরায় আনুষ্ঠানিক ম্যাচ চেয়েছিল। সেটাতে আমরা রাজি হইনি। আমরা প্রীতি ম্যাচ খেলতে চেয়েছি তাদের অনুরোধের প্রেক্ষিতেই। আমাদের ও চীনের সঙ্গে যারা যোগাযোগ মধ্যস্থতায় ছিল তারা হয়তো চীনকে ভালোভাবে বিষয়টি বোঝাতে পারেনি।’
এর আগে এশিয়ান গেমস নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও চীনের। কিন্তু কয়েকদিন বৃষ্টির কারণে মাঠে ভেজা থাকায় আর খেলা গড়ায়নি। তবে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে জ্যোতি-নাহিদারা সেমিফাইনালে উঠে যায়। এরপরও দুই দলের একটি ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল।
এশিয়ান গেমস
ভারত-বাংলাদেশ সেমিফাইনাল, নতুন বিতর্ক নয় তো!

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা-উত্তেজনা। নারী এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের মতো বাংলাদেশেরও ভারতের সঙ্গে হাত না মেলানোর ইস্যুতে পানি অনেক দূর গড়িয়েছে। এর রেশ কাটতে না কাটতেই আগামীকাল এশিয়ান গেমসে বাংলাদেশ ও ভারত সেমিফাইনালে মুখোমুখি হবে।
এই ম্যাচেও বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা হ্যান্ডশেক না করে নতুন বিতর্ক তুলবেন না তো? বাংলাদেশ নারী দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের ক্রিকেটারদের ভালো সম্পর্ক। হ্যান্ডশেক করা না করার নির্দেশনা আমাদের ছিল না, এখনও নেই। আশা করছি সৌহার্দপূর্ণ পরিবেশে খেলা শেষ হবে।’
বৃষ্টিতে খেলা না হওয়ায় বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে চীনের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায়। নাগোয়ায় যে কোনো সময় বৃষ্টি হয়। কোনো কারণে খেলা না হলে একই আইনে ভারত ফাইনালে উঠবে। ফাইয়াজ বললেন, ‘খেলা না হলে ভারত র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় তারা ফাইনালে উঠবে।’
নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ভারতের কাছে ৪০ রানে হেরেছিল। সেই হার থেকে শিক্ষা নিয়েছেন বাংলাদেশের কোচ সারোয়ার ইমরান, ‘আমাদের ফিল্ডিং এবং রানিং বিটুইন দ্য উইকেটে দুর্বলতা ছিল। এটা এই কয়েকদিনে কাটিয়ে উঠার চেষ্টা করেছি।’
ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে। এরপরও টি টোয়েন্টি হওয়ায় জয়ের আশা করছেন কোচ, ‘সেমিফাইনালে তো সবাই ফাইনালের লক্ষ্যেই নামে, আমরাও আশাবাদী। আউটফিল্ড একটু স্লো, একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।’
