রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
এশিয়ান গেমসের পর্দা উঠল
বাংলাদেশের পতাকা বহন করলেন বাকী-অন্তরা
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪১ এএম আপডেট: ২০.০৯.২০২৬ ২:০৯ এএম |



 এশিয়ান গেমসের পর্দা উঠল

জাপানের নাগোয়ায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০তম এশিয়ান গেমস।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে বর্ণিল ও প্রযুক্তিনির্ভর আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠে এবারের আসরের।
জাপানের সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সম্রাজ্ঞী মাসাকো, জাপানের রাজপরিবারের সদস্যরা, অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানি এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি কার্স্টি কভেন্ট্রি।
জাপানের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় প্রায় দুই ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাপানের সেল্ফ-ডিফেন্স ফোর্সের নয় সদস্য পতাকা বহন করে মঞ্চে নিয়ে আসেন। পরে স্টেডিয়াম অন্ধকার করে জাপানের জাতীয় পতাকার ওপর আলোকচ্ছটা ফেলা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অ্যাথলেটদের মার্চ পাস্ট। এবারের এশিয়ান গেমসে অংশ নিচ্ছে এশিয়ার ৪৫টি দেশ ও ওসিএ রিফিউজি টিম। মার্চ পাস্টে সবার আগে মাঠে প্রবেশ করে আফগানিস্তান। এশিয়ার অন্যতম ক্রীড়া পরাশক্তি চীনের বহরও ছিল বড়।তাদের দলে ছিলেন ৮০০-র বেশি অ্যাথলেট।
বাংলাদেশের পতাকা বহন করেন শুটার আব্দুল্লাহ হেল বাকী ও কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা। তবে রবিবার (২০ সেপ্টেম্বর) নারী ক্রিকেট, হকি, ব্যাডমিন্টনসহ যেসব ডিসিপ্লিনে বাংলাদেশের খেলা রয়েছে, সেসব দলের খেলোয়াড়দের মার্চ পাস্টে রাখা হয়নি। কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) স্টাফ মিলিয়ে বাংলাদেশের প্রায় ৫০ জন অংশ নেন মার্চ পাস্টে।
১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এবারের এশিয়ান গেমস। উদ্বোধন ও সমাপনী, দুই অনুষ্ঠানই হবে নাগোয়ার মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে।
এবারের আসরে ৪৫টি দেশের প্রায় ১১ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন। ৪৩টি ডিসিপ্লিনে লড়াই হবে মোট ৪৬৯টি স্বর্ণপদকের জন্য। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২