শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩
জ্বর ও শরীরব্যথা নিয়ে হাসপাতালে শত রোগী
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু ভীতি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৯ এএম আপডেট: ১৮.০৯.২০২৬ ১:৫৪ এএম |



 জ্বর ও শরীরব্যথা নিয়ে হাসপাতালে শত রোগীইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঘরে ঘরে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা ও প্রচণ্ড দুর্বলতা নিয়ে প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসালয়ে ভিড় করছেন অসংখ্য রোগী। আক্রান্তদের অনেকের ডেঙ্গু শনাক্ত হলেও অনেকের পরীক্ষা নেগেটিভ আসছে। এতে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু নিয়ে ভয় ও উদ্বেগ দিন দিন বাড়ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ও জরুরি বিভাগে জ্বরের রোগীর চাপ লক্ষণীয়ভাবে বেড়েছে। রোগীদের একটি বড় অংশই কয়েক দিন ধরে জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা ও শরীরব্যথার অভিযোগ নিয়ে আসছেন। ডেঙ্গুর প্রকোপের এই সময়ে এসব উপসর্গ দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পরিবারের কোনো এক সদস্য জ্বরে আক্রান্ত হলে কিছুদিনের মধ্যে অন্য সদস্যরাও অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে শিশু ও তরুণদের মধ্যে জ্বরের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। এ কারণে ভুক্তভোগীরা স্থানীয় চিকিৎসকের কাছে যাওয়ার পাশাপাশি দ্রুত ডেঙ্গু পরীক্ষা করাচ্ছেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক বাসিন্দা জানান, ‘কয়েক দিন ধরে প্রচণ্ড জ্বরের সঙ্গে শরীর ও মাথা ব্যথা করছে। আশপাশের অনেকেরই একই অবস্থা। ডেঙ্গুর খবর শুনে ভয় পেয়ে হাসপাতালে পরীক্ষা করাতে এসেছি।’
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানান, জ্বর হলেই তা ডেঙ্গু-এমন ভাবার কারণ নেই। ঋতু পরিবর্তনজনিত ভাইরাস জ্বর, সর্দি-কাশিসহ নানা কারণেও একই উপসর্গ দেখা দিতে পারে। তবে ডেঙ্গুর এই মৌসুমে কোনো লক্ষণ অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া ও প্রয়োজনীয় পরীক্ষা করা জরুরি।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, ‘বর্তমানে জ্বরের রোগীর সংখ্যা কিছুটা বাড়লেও সব জ্বরই ডেঙ্গু নয়। উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করাতে হবে।’
এডিসি মশার বংশবিস্তার রোধে সচেতনতার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র বা টায়ারে যাতে কোনোভাবে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।’
জ্বর হলে রোগীদের পর্যাপ্ত পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া যেকোনো ধরনের ব্যথানাশক ওষুধ সেবন না করার পরামর্শ দিয়েছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২