কুমিল্লা নগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন ও নির্বাহী কর্মকর্তা মো. মামুন। এছাড়া ২৭টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ওয়ার্ড সচিবরা সভায় অংশ নেন।
সভায় নগরীর বিভিন্ন স্থানে মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ওয়ার্ডভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রমের তদারকি ও বাস্তবায়ন আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়, এ কাজে নগরবাসীকেও সক্রিয়ভাবে অংশ নিতে হবে। নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গড়ে তুলতে নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়।
