শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৯ এএম |



ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 
গ্রেফতারকৃতরা হলেন মো. রফিকুল ইসলাম রফিক বাঘা (৫৪) ও মো. আমির হোসেন স্বপন (৩৮)। 
সিআইডির মানবপাচার ইউনিটের (টিএইচবি) একটি দল বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে। 
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 
এতে বলা হয়, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশি নাগরিকদের লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৮ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেন। 
পরে নিহতদের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মামলার ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা একমাত্র ভিকটিম আদালতে দেওয়া জবানবন্দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ও ঠিকানা প্রকাশ করেন।
সিআইডির তদন্তে জানা যায়, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র ভিকটিমদের বৈধভাবে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করে। পরে তাদের অবৈধভাবে লিবিয়া থেকে ইঞ্জিনচালিত ট্রলারে করে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় তিউনিসিয়া উপকূলে ট্রলারটি ডুবে গেলে ৮ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, তারা নিহত ভিকটিম রাসেল শেখের (১৯) পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ, মানব পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের কাছে অর্থ পৌঁছে দেওয়া এবং তাকে বিদেশে পাঠানোর প্রক্রিয়ায় সহযোগিতা করার কথা জানিয়েছে। 
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রয়েছে।  
সিআইডি জানায়, বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে তারা। মামলাটির তদন্তে গ্রেফতারকৃতদের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, পলাতক আসামি এবং চক্রটির দেশি-বিদেশি সহযোগী ও সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্ত করতে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। 
উল্লেখ্য, অত্র মামলা সংক্রান্তে ইতোপূর্বে গুরুদাস বারই (৪৫) এবং মো. মোতলেব মাতব্বর (৬৮) নামের দুই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।  
সিআইডি বিদেশে কর্মসংস্থান, অভিবাসন বা ভ্রমণের ক্ষেত্রে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র সরকার অনুমোদিত ও বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধতা যথাযথভাবে যাচাই করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২